গুলি করে আসামি নিয়ে পলায়ন, দুই পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের ওপর হামলা ও গুলি চালিয়ে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ওই মাদক ব্যবসায়ীর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের দাবি। মাদক ব্যবসায়ীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল আহমেদ (৪৩) ও উপপরিদর্শক (এসআই) রনি সোরে রানা (৪০)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মাদক ব্যবসায়ী মন্নাফ মিয়া (৫০) ওরফে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। চলতি বছরের গত ১৯ এপ্রিল মাদক, দেশীয় অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠায় পুলিশ। এর কিছুদিন পর জামিনে ছাড়া পান মন্নাফ। জেলা কারাগার থেকে বের হয়ে আবারও মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন তিনি। তাঁর ছেলে শিপন মিয়ার বিরুদ্ধেও ডাকাতি ও মাদক মামলা রয়েছে। সম্প্রতি আদালত শিপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর দিকে মাদকের ব্যবসা পুনরায় শুরু করায় পুলিশও মন্নাফ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নুরজাহানপুর গ্রামে বাবা-ছেলে অবস্থান করছেন, গোপন মাধ্যমে এমন সংবাদ পায় পুলিশ। নবীনগর থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে মন্নাফকে আটক করে।

এ ঘটনায় শিপন (৩০), তাঁর বাবা মন্নাফ (৫০), সহযোগী শরীফ মিয়া (২২), সোহাগ মিয়া (২৩) এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

খবর পেয়ে মন্নাফের ছেলে শিপনসহ কয়েকজন মাদক ব্যবসায়ী দুই দিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করেন। পুলিশও আত্মরক্ষার্থে ১৪টি গুলি ছোড়ে। এ সময় মন্নাফসহ হামলাকারী মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মাদক ব্যবসায়ীদের গুলিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানা গুলিবিদ্ধ হন। রনি সোরে রানার কপাল স্প্লিন্টার বিদ্ধ হয়। রাতে রনি সোরে রানাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কপাল থেকে স্প্লিন্টার অপসারণ করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শিপন (৩০), তাঁর বাবা মন্নাফ (৫০), সহযোগী শরীফ মিয়া (২২), সোহাগ মিয়া (২৩) এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এসআই মহিউদ্দিন পাটোয়ারী মামলার বাদী হয়েছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।