রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা বিএজেআইএমের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিএজেআইএম)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএজেআইএম বলেছে, ঘটনাটি শুধু ক্যাম্পাসে সংঘর্ষের বিষয় নয়, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর হামলা।
গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে চারজন ক্যাম্পাস সাংবাদিক রয়েছেন।
বিএজেআইএম বলেছে, সাংবাদিকদের মারধর, তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া বা ঘটনা ধারণে বাধা দেওয়া কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঘটনার প্রমাণ নিয়ন্ত্রণ এবং জনগণ কী দেখতে পাবে, তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
অতীতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীরদের হামলার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বিএজেআইএম বলেছে, কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। একটি রাজনৈতিক সংগঠনের জায়গায় আরেকটি সংগঠন একই ধরনের ভয়ভীতি ও জবরদস্তির সংস্কৃতি চালু করলে রাজনৈতিক পরিবর্তনের কোনো অর্থ থাকে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের অভ্যন্তরীণ তদন্তের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএজেআইএম বলেছে, এটি স্বাধীন ফৌজদারি তদন্তের বিকল্প হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আহত সাংবাদিক ও হামলার ঘটনা নথিবদ্ধ করার আহ্বান জানিয়েছে বিএজেআইএম। এ ছাড়া অন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাঁদের বিরুদ্ধে যাতে প্রতিশোধমূলক ব্যবস্থা বা হয়রানি না হয়, তা নিশ্চিত করাও দাবি জানায় সংগঠনটি। সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংরক্ষণ এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, কোনো ক্যাম্পাসে বা দেশের অন্য কোথাও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে সহিংসতা, ভয়ভীতি বা প্রতিশোধের মুখোমুখি হওয়া উচিত নয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা কারা ক্ষমতায় আছে বা কোনো সাংবাদিক কার কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ করছেন, তার ওপর নির্ভর করতে পারে না।