ময়মনসিংহে বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় বসতবাড়ির পাশে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেলে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো গোপালদারিকেল গ্রামের বাবুল মিয়ার ছেলে অলিউল্লাহ (২) ও রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল অলিউল্লাহ ও রুবি। অদূরেই ছিল পানিভর্তি একটি গর্ত। এতে পড়ে ডুবে যায় ওই শিশুরা। পরে তাদের খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।

একপর্যায়ে দুপুর ১২টার দিকে গর্তের পানিতে দুই শিশুর লাশ ভেসে ওঠে। সেখান থেকে তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে উভয় শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ওই দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।