নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার ভোরে ফাজিলপুর এলাকা থেকে ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর নাম নাজমা বেগম (৪০)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কবাই ইউনিয়নের খোদাবক্স গ্রামের আবদুল গনি মিয়ার মেয়ে। ঘটনার পর থেকেই তাঁর স্বামী কাউসার আলম পলাতক রয়েছেন। পরিবার নিয়ে এ দম্পতি ফাজিলপুর এলাকার রকিব মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।

নিহত নাজমার পরিবারের বরাত দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ২ অক্টোবর গৃহবধূ নাজমা বেগমের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। নিহতের স্বামী কাউসার আলম কোনো কাজ করেন না এবং মাদকাসক্ত। কাউসার চান না, তাঁর স্ত্রী দেশের বাইরে যাক। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। মাঝেমধ্যেই ঝগড়া বিবাদ হতো। গতকাল মঙ্গলবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ভোরে স্ত্রী নাজমা বেগমকে ছুরিকাঘাত করে স্বামী পালিয়ে যান। প্রতিবেশী ও স্বজনেরা নাজমাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর ছেলে নাজমুল ইসলাম বলেন, ঝগড়ার একপর্যায়ে তার মায়ের বুকের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যান বাবা। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ। অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পলাতক স্বামী কাউসার আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা প্রস্তুতি চলছে।