শহর থেকে গ্রামে সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে: হুইপ ইকবালুর রহিম
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। এই সরকারের হাত ধরেই মানুষের মাথাপিছু আয়, উৎপাদন ও প্রবৃদ্ধি বেড়েছে। শহর থেকে গ্রামে সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের অর্থনীতি আজ চাঙা হয়েছে।
আজ সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় মসজিদ-মন্দির-মাদ্রাসা-এতিমখানা, শ্মশানঘাটসহ ১০৬টি জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে ৮৬ লাখ ১৯ হাজার ৩৩৩ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইকবালুর রহিম।
ইকবালুর রহিম বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
ইকবালুর রহিম বলেন, তলাবিহীন ঝুড়ি হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাওয়া বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। বিএনপি-জামায়াত জোট সরকারের জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদসহ নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, কৃষি, খাদ্যসহ সব খাতে উন্নয়ন আজ বাস্তবে রূপ নিয়েছে। দেশের মানুষ নিঃশঙ্কচিত্তে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। আগামী নির্বাচনেও দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিমউদ্দিন প্রমুখ।