পলিথিন দিয়ে ফুটবল তৈরি করে খেলা মেয়েটি এখন সর্বোচ্চ গোলদাতা
সুমি খাড়িয়া পঞ্চম শ্রেণিতে পড়ছে। তার মা সুমিত্রা খাড়িয়া চা-বাগানের শ্রমিক। আর বাবা কার্তিক খাড়িয়া দিনমজুর। ফুটবল খেলায় সুমির ঝোঁক বেশি। কিন্তু পরিবারে অভাব-অনটনের কারণে তাকে ফুটবল কিনে দেওয়ার সাধ্য ছিল না মা-বাবার। কুড়িয়ে জমানো পলিথিন দিয়ে ফুটবল তৈরি করে বাড়ির উঠানে খেলত সে। সেই সুমি এবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছে।
সুমি খাড়িয়াদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জ্বালাই গ্রামে। সে স্থানীয় পাঁচপীর জ্বালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সর্বোচ্চ গোলদাতা হওয়ায় সুমি এবার সিলেট বিভাগীয় দলের হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলবে।
বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানান, পাঁচপীর জ্বালাই প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। ১১ অক্টোবর সিলেটে বিভাগীয় স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে তৃতীয় হয় তারা। সুমি রক্ষণভাগের খেলোয়াড়। ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায়ে সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়। পুরস্কার মেলে পাঁচ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে খেলে ১২ অক্টোবর সুমিদের দল কুলাউড়ায় ফেরে। ওই দিন উচ্ছ্বসিত এলাকাবাসী তাদের বরণ করতে ছুটে যান উপজেলা সদরে। এলাকাবাসী মিছিল করে তাদের পাঁচপীর জ্বালাইয়ে নিয়ে যান।
পাঁচপীর জ্বালাইয়ে টিলার ওপর মাটির দেয়ালঘেরা আর টিনের চালার সুমিদের ছোট বসতঘর। ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা আছে সর্বোচ্চ গোলদাতার মেডেল। সুমি বলে, ‘এর আগে কোনো দিন সিলেটে গেছি না। স্কুলের সামনে ফাঁকা জায়গা আছে। ওইখানে ছেলেমেয়ে মিলে খেলতাম। পরে স্যাররা টিমে নাম দিলেন। খেলে খেলে সিলেটে চলে গেলাম। অনেক বড় শহর, বড় খেলার মাঠ।’
সুমি জানায়, জেলা পর্যন্ত খেলায় তারা প্রশিক্ষণের কোনো সুযোগ পায়নি। শুধু সিলেটে খেলতে যাওয়ার আগে বিদ্যালয়ের শিক্ষকেরা এক দিনের জন্য একজন কোচ নিয়ে এসেছিলেন। তিনি কিছু কৌশল শিখিয়ে যান। প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে ফুটবলে আরও ভালো করতে চায় সে।
সুমির বাবা কার্তিক খাড়িয়া বললেন, ‘মেয়েটা খালি পলিথিনের ব্যাগ জমাইত। স্কুল ছুটির পর বাড়িতে আইয়া এইটা দিয়া বল বানাইয়া উঠানে খেলত। আমরা গরিব মানুষ। সংসার চালানিই কঠিন। মেয়েরে বল কিনি দিতে পারিনি। মেয়েটা নিজের চেষ্টায় এত দূর যাইতে পারছে।’
পাঁচপীর জ্বালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সুমিদের ফুটবল দলের ব্যবস্থাপক মোশতাক আহমদ মুঠোফোনে বলেন, বিদ্যালয়সহ এলাকায় খেলার কোনো মাঠ নেই। এলাকার বেশির ভাগ মানুষ দরিদ্র শ্রেণির। এ পরিস্থিতিতে মেয়েদের মধ্যে বাছাই করে ১৪ জনের দল গঠন করা হয়েছিল। তারা খেলে বিভাগীয় পর্যায়ে যেতে পেরেছে। এর মধ্যে সুমি সর্বোচ্চ গোলদাতা হয়েছে। এ অর্জন বিদ্যালয় ও এলাকাবাসীর জন্য গৌরবের। এখন সুমি সিলেট বিভাগীয় দলের হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের উদ্দিন মুঠোফোনে বলেন, পাঁচপীর জ্বালাই বিদ্যালয়ের মেয়েদের দল ভালো প্রশিক্ষণ পেলে বিভাগেও চ্যাম্পিয়ন হতে পারত। কিন্তু প্রশিক্ষণের জন্য সরকারি কোনো অর্থ বরাদ্দ নেই। মেয়েদের মৌলভীবাজার ও সিলেটে নিয়ে যেতে যে খরচ হয়েছে শিক্ষক, অভিভাবকেরা তা বহন করেছেন। মেয়েদের প্রশিক্ষণের বিষয়ে এলাকার বিত্তশালী লোক অথবা রাজনৈতিক দলের নেতারা এগিয়ে আসতে পারেন।