কুষ্টিয়ায় পীরকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ
কুষ্টিয়ায় মাজারে হামলা করে পীর আবদুর রহমান ওরফে শামীমকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ রোববার বিকেলে নগরের সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে সারা দেশে বাড়তে থাকা ‘মব’ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সম্প্রতি দেশে সহিংসতা ও ‘মব’ সন্ত্রাসের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনার প্রতিবাদ জানাতে ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তুষার সেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মিনহাজ সরদার, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি সুজয় সরকার, বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ মারিয়া মার্জা প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, তিন বছর আগের একটি ভিডিওকে কেন্দ্র করে ‘মবের’ মাধ্যমে মাজারে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। সুফি শামীম অপরাধ করলে তা আইনের আওতায় প্রমাণ সাপেক্ষে আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যেত। কিন্তু তা না করে বিনা বিচারে ‘মব’ করে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ‘মব’ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিচারের আওতায় না আনলে প্রত্যেক বিবেকবান মানুষ রাস্তায় নেমে আসবে।
সমাবেশে ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিদিন আমাদের জাতীয় সংসদে সংবিধান শেখাচ্ছেন। কিন্তু নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা, জীবনের নিরাপত্তাসহ অন্যান্য নাগরিক অধিকার হরণের কোনো বক্তব্য তাঁর কাছ থেকে শুনিনি।’ তিনি বলেন, রাষ্ট্রের পরোক্ষ মদদে চলমান জঙ্গিপনার রেশ টেনে না ধরতে পারলে বিএনপিও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি সুজয় সরকার বলেন, ‘অভ্যুত্থানের পর থেকে ৯৮টি মাজারে আক্রমণ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু একটি ঘটনারও বিচার করা হয়নি। বিচারহীনতার এ সংস্কৃতি এই সরকারের নির্লিপ্ততার ফলে মৌলবাদী গোষ্ঠী এসব অপরাধে আরও অনুপ্রাণিত হয়েছে। যদি রাষ্ট্রীয় মদদে অব্যাহত মৌলবাদী আক্রমণ, এমন জঙ্গিপনা চলতে থাকে, তাহলে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়তে হবে।’
গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ‘শামীম বাবার দরবার শরিফ’–এর পীর আবদুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।