শিশু নিয়ে উধাও ভাড়াটে, ২ ঘণ্টা পর উদ্ধার
বাড়ির মালিকের ১৩ মাস বয়সী নাতনিকে নিয়ে উধাও হন এক ভাড়াটে। দুই ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় এক কাপড়ের দোকানে শিশুটিকে রেখে পালিয়ে যান তিনি। সেখান থেকে গতকাল সোমবার রাত নয়টার দিকে শিশুটিকে উদ্ধার হয়।
শিশুটির নাম তাওফিকা আক্তার। উপজেলার মুলাইদ গ্রামে তার নানা আবদুল খালেকের বাড়িতে ছিল সে। গতকাল রাত সাতটায় শিশুটিকে নিয়ে উধাও হন ওই বাড়ির ভাড়াটে মো. মেহেরুন (৩০)। তাওফিকা উপজেলার উজিলাব গ্রামের সজিবুর রহমানের একমাত্র সন্তান। হারানোর পরপরই শিশুর বাবা শ্রীপুর থানায় অভিযোগ করেন। ৯ সেপ্টেম্বর একমাত্র সন্তানকে নিয়ে সজিবুর ও তাঁর স্ত্রী মুলাইদ গ্রামে বেড়াতে এসেছিলেন।
সজিবুর রহমান বলেন, মেহেরুন তাঁর শ্বশুরবাড়িতে প্রায় আট বছর ধরে ভাড়া থাকেন। গতকাল সন্ধ্যায় শিশু তাওফিকাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছিলেন ওই ভাড়াটে। একপর্যায়ে তিনি শিশুকে নিয়ে উধাও হয়ে যান। পরে তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি স্বজনেরা। এ বিষয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার নয়নপুর এলাকায় একটি কাপড়ের দোকানে গিয়ে ওই ব্যক্তি কিছু কেনাকাটা করেন। পরে টাকা আনার কথা বলে শিশুকে দোকানে রেখে ওই ব্যক্তি বেরিয়ে যান। কিন্তু তিনি ফিরে না আসায় দোকানের লোকজন বিষয়টি শ্রীপুর থানায় জানান। রাত নয়টার দিকে শ্রীপুর থানা থেকে স্বজনদের জানানো হয় শিশুটিকে পাওয়া গেছে। পরে ওই দোকানে পুলিশ ও স্বজনেরা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান। সন্তানকে ফিরে পাওয়ার পর থানা থেকে অভিযোগ প্রত্যাহার করেছেন বলে জানান শিশুটির বাবা সজিবুর। আজ মঙ্গলবার তিনি বলেন, ‘আমি আমার সন্তানকে জীবিত ফিরে পেয়েছি, এটাই আমার পরম পাওয়া।’