ভিক্ষাবৃত্তি করে জমানো প্রায় লাখ টাকা রাখতে গিয়েছিলেন ব্যাংকে, নিয়ে গেল প্রতারক

কুষ্টিয়ায় ব্যাংকের ভেতর থেকে ভিক্ষুকের গচ্ছিত টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক। রোববার শহরের একটি ব্যাংকেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের বড়বাজার শাখায় গচ্ছিত টাকা জমা করতে গিয়েছিলেন নুরজাহান খাতুন (৬৫) নামের এক নারী। রোববার দুপুর ১২টার দিকে সঞ্চয়ের ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক। প্রকাশ্যে দিনে-দুপুরে ব্যাংকের ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরজাহান খাতুন শহরের হরিশংকরপুর (চাউলের বর্ডার) এলাকার মৃত ককিল উদ্দিন শেখের স্ত্রী। তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন।

ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আজ সকালের দিকে নুরজাহান খাতুন ও তাঁর মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকের ভেতরে গিয়ে টাকা জমা দিলে নতুন ব্যাংক হিসাব নম্বর খুলতে ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে এক ব্যক্তি টাকা জমা দিয়ে দেওয়ার কথা বলে ওই বৃদ্ধার কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতারকের পরনে ছিল কালো রঙের সোয়েটার, নীল প্যান্ট ও কালো রঙের জুতা।

ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই শহরের হরিশংকরপুর এলাকায় মা-মেয়ে একসঙ্গে থাকেন। ভিক্ষাবৃত্তি করে টাকাগুলো গুছিয়ে ছিলেন। আজ নতুন ব্যাংক হিসাব খুলে টাকাগুলো রাখার জন্য সকালে ব্যাংকে যান। এরপর ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। পাশে দাঁড়িয়ে থাকা ওই প্রতারক জমা দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, শেষ সম্বলও নিয়ে গেছে প্রতারক। তিনি পুলিশ প্রশাসনের কাছে মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে নেওয়া টাকাগুলো উদ্ধারের অনুরোধ করেন। টাকাগুলো পেলে দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবনযাপন করতে পারবেন।

অগ্রণী ব্যাংকের কুষ্টিয়ার জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।

জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বলেন, ভুক্তভোগী নুরজাহান খাতুন থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরকে ধরতে পুলিশ কাজ করছে।