ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই একটি বিকল ট্রাকের পেছনে গ্যাস সিলিন্ডার বহনকারী অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক। তাঁরা দুজনই সিলিন্ডার বহনকারী ট্রাকে ছিলেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট পৌর শহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আপন চন্দ্র দাস (২৬) নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের অকিন চন্দ দাসের ছেলে। আর আহত চালক বিকাশ চন্দ্র দাস (৩০) নীলফামারী সদর উপজেলার টুপামারি গ্রামের বিনোদ চন্দ্র দাসের ছেলে। তাঁরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। বিকাশ চন্দ্র ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। পথে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে গিয়ে ট্রাকটির চাকা নষ্ট হয়ে বিকল হয়ে যায়। এ ঘটনায় ট্রাকটি মেরামতের জন্য রাস্তার পাশে রাখা হয়। এ সময় নীলফামারী থেকে বগুড়াগামী গ্যাস সিলিন্ডার বহনকারী একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের ভেতরে চালক ও চালকের সহকারী আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের দল ট্রাকের কেবিন কেটে সেখান থেকে চালকের সহকারী আপন চন্দ্র দাসের মরদেহ ও চালক বিকাশ চন্দ্রকে আহত অবস্থায় উদ্ধার করে। আহত চালককে চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক সাব্বির আলম বলেন, রাতে ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের এক সহকারীর মৃত্যু ও চালকের আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।