সিলেটে ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ইউপি উদ্যোক্তা বরখাস্ত

সিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার ভাইয়ের টাকা সংগ্রহ করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছেছবি: ভিডিও থেকে সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই উদ্যোক্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গতকাল বুধবার রাতে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, শিবু দাসের ছোট ভাই দীপু দাস ডৌবাড়ী ইউনিয়নের নারীদের কাছ থেকে কয়েক দিন ধরে ফ্যামিলি কার্ডের নামে ১২০ থেকে ১৩০ টাকা করে নেন। গতকালও ইউনিয়ন উদ্যোক্তার কার্যালয়ে নারীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন দীপু দাস। তখন স্থানীয় এক ব্যক্তি প্রতিবাদ করে টাকা ফেরত দেওয়ার দাবি জানালে দীপু দাস টাকা ফেরত দেন।

ভিডিওতে দেখা গেছে, চেয়ারে বসে থাকা এক ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন নারী। এ সময় টেবিলের ওপর কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখা যায়। ভিডিও ধারণ করা ব্যক্তি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ইউনিয়নের প্রায় ৯ হাজার মানুষের কাছ থেকে ১৩০ টাকা করে নিয়েছেন। ভিডিও ধারণকারী ব্যক্তি সবার টাকা ফেরত দেওয়ার দাবি জানান। পরে চেয়ারে বসা ব্যক্তি ড্রয়ার থেকে টাকা বের করে উপস্থিত নারীদের ফিরিয়ে দেন। এ সময় টাকা ফেরত দেওয়া ব্যক্তি নারীদের নাম জিজ্ঞাসা করে টাকা ফেরত দিচ্ছিলেন। ইউনিয়নের উদ্যোক্তার কার্যালয়ে নারীদের ভিড় লক্ষ করা যায়। টাকা ফেরত দেওয়া ব্যক্তি ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসের ভাই দীপু দাস। এ সময় শিবু দাসকে কার্যালয়ে দেখা যায়নি।

এ বিষয়ে কথা বলতে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বিষয়টি খোঁজ নেওয়া হয়েছিল। এতে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যদিও ইউপির উদ্যোক্তার পদটি সরকারি কোনো পদ নয়। এরপরও এ ঘটনায় শিবু দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।