গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপির নেতা বাবুল

কাজী ছাইয়েদুল আলম বাবুলছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর তিনি এ দায়িত্বে থাকবেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

কাজী ছাইয়েদুল আলম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। গাজীপুরের পরিকল্পিত উন্নয়ন, আবাসনব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে তিনি কাজ করবেন।