টঙ্গীতে ছিনতাই-ডাকাতি প্রতিরোধে বিক্ষোভ, আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থী ও সাধারণ বাসিন্দারা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিক্ষোভ করেন তাঁরা। এতে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এর আগে ১৪ জানুয়ারি একই দাবিতে বিক্ষোভ করেছিলেন স্থানীয় লোকজন।
বিক্ষোভকারীরা বলেন, রাত হলেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও এর আশপাশের এলাকায় ভয়াবহ অবস্থা তৈরি হয়। ডাকাত ও ছিনতাইকারীরা সাধারণ মানুষের ওপর হামলে পড়ে। রামদা, চাপাতি ও রডসহ বিভিন্ন অস্ত্র দিয়ে গাড়ি ভাঙচুর করে হাতিয়ে নিচ্ছে টাকা, মুঠোফোনসহ অন্য মালামাল। এ সময় আহত হচ্ছেন অনেক যাত্রী। এসব অপরাধ নির্মূল বা এলাকার নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের অবস্থান বা ভূমিকা খুবই হতাশাজনক। তাই তাঁরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
ঢাকার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী টঙ্গীর বাসিন্দা শাদীদ মারজান নাফি বলেন, ‘ছিনতাইকারীর ভয়ে সন্ধ্যার পর এখন আর আমরা রাস্তায় চলাচল করতে পারি না। দুই দিন আগেও ছিনতাইকারীরা পেটে চাকু মেরে আমার দুই বন্ধুর সব ছিনিয়ে নিয়ে গেছে। তারা থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি। প্রতিদিনই কারও না কারও সঙ্গে এমন ঘটনা ঘটছে। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’
মো. জুয়েল নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরে ছিনতাইকারীর উৎপাত কয়েক গুণ বেড়ে গেছে। মহাসড়ক, অলিগলি সবখানে ছিনতাই, ডাকাতির ভয়। নিরাপত্তাহীনতায় রাস্তায় চলাচল করতে গেলে ভয় লাগে। প্রশাসন থেকেও এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই।
দুপুর পৌনে ১২টায় সরেজমিনে দেখা যায়, ছিনতাই-ডাকাতির বিরুদ্ধে স্টেশন রোডে বিআরটি উড়ালসড়কের নিচে অবস্থান নিয়েছেন শতাধিক মানুষ। তাঁরা দুই পাশ (ঢাকাগামী ও ময়মনসিংহগামী সড়ক) থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। তাঁরা ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ মিছিল করছেন। পরে টঙ্গী পূর্ব থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের নানাভাবে বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। পরে পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের লোকবল–সংকট বা বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হয়েছি। তাঁরাও বিষয়টি বুঝতে পেরে সড়ক ছেড়ে দিয়েছেন। এখন থেকে আমরা তাঁদের সঙ্গে নিয়েই ছিনতাই-ডাকাতি প্রতিরোধে কাজ করব। তাঁরাও এতে সহযোগিতা করার কথা জানিয়েছেন।’ পুলিশের কার্যকর ভূমিকা না থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সব সময়ই এ বিষয়ে তৎপর আছি। গত দুই মাসে প্রায় ১৭০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি।’