মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত সদর আলীর বাড়ি হবিগঞ্জে
মালদ্বীপে গতকাল শুক্রবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পাঁচজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। তবে বাকি চারজনের নাম–ঠিকানা জানা যায়নি।
নিহত সদর আলী (৪৫) বানিয়াচং উপজেলার সদর ইউনিয়নের মহব্বতখানী মহল্লার বাসিন্দা। তিনি প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে মালদ্বীপে যান। সেখানে তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন। দেশে তাঁর স্ত্রী ও তিন সন্তান আছে।
পরিবারের সদস্যরা বলেন, গতকাল রাতে মালদ্বীপের দিঘুরা দ্বীপের একটি বাড়িতে সাহ্রির জন্য রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সে সময় ঘরের ভেতরে থাকা পাঁচজন বাংলাদেশি শ্রমিক আগুনের মধ্যে আটকা পড়েন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তাঁরা বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে হাসান নামের সদর আলীর এক সহকর্মী কল করে তাঁর পরিবারকে দুর্ঘটনার খবর জানান।
সদর আলীর মৃত্যুর খবরে বাড়িতে মাতম চলছে। প্রতিবেশীরাও পরিবারটিকে সান্ত্বনা দিতে ভিড় করছেন।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো প্রশাসনের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছেনি। তবে বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।