চবির ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় এক আসামির জামিন নামঞ্জুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় নুরুল আবছার নামে গ্রেপ্তার এক ছাত্রলীগকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই বিশ্ববিদ্যালয়ের নৃ–বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি।

আজ রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, কারাগারে আটক আসামি নুরুল আবছারের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচ তরুণের হাতে ওই ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। পাঁচ তরুণ ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। এক দিন পর এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়।

এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। একপর্যায়ে ছাত্রীরা হল থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে যৌন নিপীড়নে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

নুরুল আবছার ছাড়াও গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিম, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন, স্নাতক দ্বিতীয় বর্ষের মাসুদ রানা ও একই কলেজের সাবেক ছাত্র সাইফুল আলম। তাঁদের মধ্যে আজিম ও আবছার ছাত্রলীগের কর্মী। তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।