জাপার প্রার্থী বললেন, ‘২০১৮ সালর লাখান ইবার ভোট ডাকাতি অইত নায়’

নির্বাচনী সভায় বক্তব্য দেন জাপা প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। রোববার সন্ধ্যায় জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায়ছবি: প্রথম আলো

নির্বাচনে ‘ভোট ডাকাতির’ ব্যাপারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। গতকাল রোববার সন্ধ্যায় জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায় বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে এক নির্বাচনী সভায় বক্তব্য দেন তিনি।

সভায় সিলেটের আঞ্চলিক ভাষায় আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘ভোটের আনন্দ আওয়ামী লীগে নিছে গিয়া। ২০১৮ সালর লাখান ইবার ভোট ডাকাতি অইত নায়। বিনা ভোটে মন্ত্রী-এমপি অইতা নায়। ২৯ তারিখ (২৯ ডিসেম্বর) সেনাবাহিনী আসবে।সেনাবাহিনী কিতার লাগি আর? বিএনপির লাগি নায়, জামায়াতের লাগি নায়। যারা ভোট ডাকাতি করবা, এরারে ধরার লাগি। মন্ত্রীর (আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন) খাইয়া-পিন্দিয়া যেরা মোটাতাজা অইরায়, তারা ভোট ডাকাতির কথা চিন্তা করিও না। তোমি-তাইন দুই–একজনে কিতা শাহাব উদ্দিন সাবরে পাস করাইলাবায় নি? ইবার হিতা নায়। মানুষ একজন-দুজন করিয়া কেন্দ্রে যাইতে থাকব, কেন্দ্রে গিয়া নৌকাত মারব কিল আর লাঙ্গলে মারব সিল।

জাপাার কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আহমেদ রিয়াজ আরও বলেন, ‘এই জুড়ীর মানুষ দুই-একজন মানুষর কাছে জিম্মি। হগুরে ধরানি, হগুরে ছাড়ানি। টিআর, কাবিখা মন্ত্রীর বরাদ্দ ইতা গেল কই? আরেক দোকান খুলছইন ইকো পার্ক (লাঠিটিলা বনে সাফারি পার্ক)। ইটা সুপার মার্কেট। লুটিপুটি খাইতা।’ তিনি আরও বলেন, ‘পরিবেশমন্ত্রীর দায়িত্ব অইল পরিবেশ রক্ষা করা। তাইন আইন করছইন, পলিথিন নিষিদ্ধ। ঠিক নি? আর তাইনর পোস্টার পলিথিনর ভেতরে। দেখার কেউ নাই।’

গতকাল সন্ধ্যা সাতটার দিকে নির্বাচনী সভা শুরু হয়। জুড়ী উপজেলা জাপার সহসভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির বড়লেখা উপজেলা কমিটির সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজাদ প্রমুখ।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন (নৌকা প্রতীক) ও জাপার প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) ছাড়াও আরও দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন তৃণমূল বিএনপির প্রার্থী জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন (সোনালী আঁশ প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী আল ইসলাহর জুড়ী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ময়নুল ইসলাম (ট্রাক)।