ময়মনসিংহে ছুরিকাঘাতে আহত হওয়ার ৪ দিন পর বিএনপি নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিছুর রহমান
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বিএনপি নেতা আনিছুর রহমানকে (৫০) ছুরিকাঘাতের চার দিন পর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত রোববার বিকেলে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় মো. লেলিন মিয়া নামের এক প্রতিবেশী আনিছুর রহমানকে ছুরিকাঘাত করেন।

আনিছুর রহমান ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। এর আগে গত রোববার প্রতিবেশীর ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর আনিছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন সোমবার এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত লেলিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।  

নিহত ব্যক্তির পরিবার জানায়, আনিছুর রহমান ফুলবাড়িয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় বসবাস করতেন। নাটকঘর লেন এলাকার বাসিন্দা লেলিন মিয়ার সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ ছিল। বিরোধের জের ধরে লেলিন প্রায়ই আনিছুর রহমানের কাছে টাকা চাইতেন। গত রোববারও লেলিন আনিছুর রহমানের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর একপর্যায়ে লেলিন ক্ষিপ্ত হয়ে আনিছুর রহমানকে ছুরিকাঘাত করেন। পরে আনিছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহত বিএনপি নেতার লাশ ময়নাতদন্তের পর আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ছুরিকাঘাতের ঘটনায় গত সোমবার থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার একমাত্র আসামি লেলিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।