লোহাগাড়ায় বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৫)। তিনি লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব টইটং এলাকার মৃত মোজাহের হোসেনের ছেলে। নিহত বাদশা পাঁচ কন্যাসন্তানের বাবা ছিলেন।
লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্যসচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার ভোরে বাদশা মিয়া ভ্যান গাড়ি নিয়ে স্টেশন এলাকা পরিষ্কার করছিলেন। এ সময় কক্সবাজারগামী দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি অন্তত ১৫ ফুট দূরে ছিটকে পড়েন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান প্রথম আলোকে বলেন, ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন। সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।