দুর্ঘটনায় আহত কিশোরীকে উদ্ধারে এগিয়ে এলেন পৌর মেয়র, তবে বাঁচানো গেল না
১১ বছরের জান্নাতুল তানজিদ মিশকাত। মাদ্রাসার ছুটি শেষে নানাবাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে ছটফট করছিল। সেই পথ দিয়েই ফিরছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। রক্তাক্ত মেয়েটিকে উদ্ধার করে ছুটলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে নিয়ে যান কক্সবাজার সদর হাসপাতালে। অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় মেয়েটিকে এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। সেখানে পৌঁছানোর আগে পথেই তার মৃত্যু হয়।
জান্নাতুল তানজিদ পেকুয়া দারুদ তাকুয়া হাফেজখানা মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। সে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের তারাবনিয়াপাড়ার আবুল কালাম ও নাসরিন সোলতানা রিনার সন্তান। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শেখ হাসিনা বানৌজা ঘাঁটি সড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা মাদ্রাসা চত্বরে দুর্ঘটনার শিকার হয় সে। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
মেয়েটির বয়সী আমারও একটি মেয়ে আছে। রাস্তা থেকে কুড়িয়ে রক্তাক্ত অবস্থায় যখন কোলে নিই; তখন শুধু আমার মেয়ের ছবিই চোখে ভাসছিল।
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, গতকাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভা ছিল পেকুয়ায়। সেটি শেষ করে চকরিয়া ফেরার পথে ছোট্ট একটি মেয়ে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ছটফট করছে দেখে গাড়ি থেকে নেমে এগিয়ে যান। তাকে প্রথমে চকরিয়া ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। মেয়র বলেন, চিকিৎসায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তাৎক্ষণিক ৫৫ হাজার টাকা মেয়েটির বাবার হাতে দেন। অ্যাম্বুলেন্স ঠিক করে দেন। চিকিৎসার পুরো ব্যয় বহন করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু মেয়েটিকে বাঁচানো যায়নি।
মেয়র মুজিবুর রহমান আবেগতাড়িত হয়ে বলেন, ‘মেয়েটির বয়সী আমারও একটি মেয়ে আছে। রাস্তা থেকে কুড়িয়ে রক্তাক্ত অবস্থায় যখন কোলে নিই; তখন শুধু আমার মেয়ের ছবিই চোখে ভাসছিল।’
মেয়র মুজিবুর রহমানের এমন কর্মকাণ্ডের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে নিয়ে দলীয় নেতা-কর্মীসহ অনেকে ইতিবাচক মন্তব্য করছেন।
মেয়েটির মামা সাইফুল ইসলাম বলেন, ‘আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার ভাগনি ইহকাল ত্যাগ করে চলে গেছে। তবে মেয়রের মানবিকতা আমাদের মনে থাকবে।’