চট্টগ্রাম নগরের বলুয়ার দিঘির পাড়ে বসতঘরে আগুন লাগার পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে বলুয়ার দিঘির পশ্চিম পাড়ের জাফর সওদাগরের কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। একই ঘটনায় ওই দম্পতির দুই সন্তানসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন মো. ইলিয়াছ (৫০) ও তাঁর স্ত্রী পারভিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিরা হলেন মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। তাঁদের মধ্যে সোহান ও শাহীনা নিহত ওই দম্পতির সন্তান। আহত ব্যক্তিরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, আগুন নেভানোর পর পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত ব্যক্তিদের শরীরে পোড়ার ক্ষত নেই। তবে ধোঁয়ায় তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা জানান। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আহত তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অপর দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় নিহত দম্পতির মেয়ে তাহসিন আক্তারের সঙ্গে। তিনি বলেন, ঘরের বাইরে থাকায় তিনি আগুন থেকে রক্ষা পেয়েছেন। খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন, তাঁর মা-বাবা আর নেই। ভাই–বোনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা সকাল ৬টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সকাল আটটার দিকে আগুন নেভানো হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, পাঁচটি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষতি ১৫ লাখ টাকা। ওই ঘরগুলো থেকে আহত অবস্থায় পাঁচজনকে বের করে আনা হয়। তাঁদের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুজন মারা যান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।