গাজী নজরুলের আসনে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, কী বলছে জামায়াত
সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচন দেওয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে একটি পক্ষ। ‘সচেতন নাগরিক সমাজ’ নামে তারা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ড থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে সচেতন নাগরিক সমাজ। এই কর্মসূচি চলবে আগামী রোববার পর্যন্ত। গত বুধবার শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচির ঘোষণা দেয়। অন্যদিকে একই স্থানে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী।
সচেতন নাগরিক সমাজের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগরের মালঞ্চ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, ছফুরুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, জামায়াতের ইনসাফ, ন্যায়বিচার ও নৈতিকতার স্লোগানে বিশ্বাস রেখেই শ্যামনগরবাসী দলটির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কিন্তু তাঁকে (গাজী নজরুল) ঘিরে সৃষ্ট গুরুতর বিতর্ক ও আইনি পরিস্থিতির কারণে এলাকাবাসীর সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। একজন ব্যক্তির কর্মকাণ্ডের দায় শ্যামনগরবাসী গ্রহণ করতে পারেন না।
গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিলেই জামায়াতে ইসলামীর দায় শেষ হয়ে যায় না বলে মন্তব্য করেন মিজানুর রহমান। তাঁর অভিযোগ, আসনটির ভবিষ্যৎ নিয়ে কার্যকর সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘসূত্রতা করা হচ্ছে। জামায়াতে ইসলামীর রাজনৈতিক স্বার্থে শ্যামনগরবাসী কেন কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত থাকবেন, সেই প্রশ্নও তোলেন তিনি। এ জন্য সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়ার দাবি জানান।
জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
এদিকে সচেতন নাগরিক সমাজের গণস্বাক্ষর কর্মসূচি ও উপনির্বাচনের দাবির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে গতকাল শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির আবদুর রহমান।
আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতের সাংগঠনিক দায়িত্ব ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি জামায়াতের কেউ নন। কোনো ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো দলের ওপর চাপানো যুক্তিসংগত নয়।
সংসদ সদস্যের পদসংক্রান্ত বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে আবদুর রহমান বলেন, প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দলের পক্ষ থেকে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে জামায়াতে ইসলামী কোনো উদ্যোগ নেয়নি—এমন অভিযোগ সঠিক নয়। সংসদ সদস্যের পদ বহাল থাকা বা আসন শূন্য ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের।
সচেতন নাগরিক সমাজের গণস্বাক্ষর কর্মসূচির বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশ ও দাবি জানানোর অধিকার আছে। জামায়াত এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোনো সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর পর আত্মহত্যার প্ররোচনার মামলায় এখন কারাগারে আছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। গত ২১ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৯ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর গ্রেপ্তার ও কারাবন্দী থাকার বিষয়টি সংসদকে জানান। তাঁর কারাবাসের পর থেকেই আসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে উপনির্বাচনের দাবিতে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে সচেতন নাগরিক সমাজ।