সালথায় নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের সালথা উপজেলায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল আটটার দিকে নিখোঁজ হওয়ার পর বেলা দেড়টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই শিশুর নাম মো. হেদায়েত মুন্সী (৬)। সে ফুকরা গ্রামের মাছ ব্যবসায়ী মো. ইনামুল মুন্সীর ছেলে। চার সন্তানের মধ্যে হেদায়েত ছিল মেজো। সে বাক্‌প্রতিবন্ধী ছিল।

মৃত শিশুটির চাচা শফিকুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে মায়ের সঙ্গে প্রতিবেশী আক্তার মোল্লার বাড়িতে যায় হেদায়েত। সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে পুকুরপাড়ের দিকে চলে যায়। তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে পরে এলাকায় মাইকিং করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবেশীর বাড়িতে হেদায়েতকে খাওয়ার জন্য একটি রুটি দেওয়া হয়। সেটি পানিতে ভাসতে দেখা যায়। এ দেখে সন্দেহ হয়, শিশুটি হয়তো পানিতে ডুবে গেছে। এরপর পুকুরের পানিতে নেমে হেদায়েতকে খোঁজা হয়। পরে জাল ফেলেও শিশুটিকে না পাওয়া যাওয়ায় সালথা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাঁরাও পানিতে নেমে শিশুটিকে খুঁজে পায়নি। পরে বেলা দেড়টার দিকে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কয়েক মিনিটের মধ্যে পানির নিচ থেকে হেদায়েতের লাশ উদ্ধার করে।

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুটি উদ্ধারে ওই পুকুরে তল্লাশি চালাই। স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে জাল ফেলেও তল্লাশি করা হয়। এতেও তাকে খুঁজে না পেয়ে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়ে এনে লাশ উদ্ধার করি।’