গাজীপুরের কাপাসিয়া
পথে পথে ফলের মেলা
প্রতিবছরই কাপাসিয়ার সড়কগুলোতে গ্রীষ্মকালীন ফলের অসংখ্য দোকান বসে। এসব দোকানে পাওয়া যায় কাঁঠাল, আনারস, জামসহ বিভিন্ন ফল।
ব্যস্ত সড়কের পাশে বাগান ঘেঁষে টেবিল পেতে বিক্রি হচ্ছে বিভিন্ন মৌসুমি ফল। ঝুলি ভরে ফল কিনছেন বিভিন্ন এলাকার ক্রেতারা। গাড়ি থামিয়ে ফল কিনে নিয়ে যাচ্ছেন অনেক পথচারী। কেউ আবার অস্থায়ী দোকানের সামনে দাঁড়িয়েই ফল খাচ্ছেন।
এই দৃশ্য গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন সড়কের পাশে। নানা ধরনের দেশীয় ফলের জন্য উপজেলাটির বেশ সুনাম রয়েছে। প্রতিবছরই কাপাসিয়া দিয়ে যাওয়া ঢাকা-কিশোরগঞ্জ, কাপাসিয়া-মনোহরদী ও কাপাসিয়া-রানীগঞ্জ সড়কের দুই পাশে ও বিভিন্ন বাজারে গ্রীষ্মকালীন ফলের অসংখ্য দোকান বসে। দোকানগুলো মে থেকে বসতে শুরু করে। জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। বাগান থেকে সংগৃহীত সতেজ ফল পাওয়া যায় বলে এসব দোকানে ক্রেতার সংখ্যা প্রচুর।
গত বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়ার বিভিন্ন সড়ক ঘুরে বরহর বাজার থেকে টোক বাজার পর্যন্ত সড়কের দুই পাশে অন্তত ৭০টি অস্থায়ী ফলের দোকান চোখে পড়ে।
বাড়ির পাশে কেউ টেবিল পেতে, কেউ বাঁশ দিয়ে মাচা তৈরি করে ফল বিক্রি করছেন। দোকানগুলোতে ফলের পসরায় বেশি দেখা যায় আনারস। এ ছাড়া আছে দেশি আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, কলা, পেঁপেসহ বিভিন্ন ফল। বাড়ির পাশে হওয়ায় বেশ কিছু দোকানে পরিবারের গৃহবধূ কিংবা স্কুলপড়ুয়া কিশোরদের ফল বিক্রি করতে দেখা গেছে।
দোকানগুলোতে ক্রেতার মধ্যে বেশির ভাগই পথযাত্রী। দোকানেই দাঁড়িয়ে আনারস খাচ্ছেন কেউ কেউ। অনেকে আবার জাম ও আনারস কিনে দোকানিকে দিয়ে মজাদার ভর্তা বানিয়ে খাচ্ছেন। ফল শেষ হলে বিক্রেতা পাশের বাগান থেকেই নতুন করে ফল তুলে আনছেন। বরহর, আমরাইদ, জসিমপুর, লুহাদি, বীর উজলী, বীর উজলী দীঘিরপাড়, হানগড়া, চেওরাইদসহ টোক পর্যন্ত সড়কের পাশে প্রায় সব দোকানে এমন চিত্র দেখা গেছে। একই চিত্র দেখা গেছে কাপাসিয়া-রানীগঞ্জ ও কাপাসিয়া-মনোহরদী সড়কের পাশেও।
এসব অস্থায়ী দোকানে বাগান থেকে তুলে আনা একেকটি বড় আকারের আনারসের দাম পড়ছে ২৫ টাকা। ছোট ও মাঝারি আনারসগুলোর দাম ১৫ থেকে ২০ টাকা। গ্রামের গাছ থেকে সংগ্রহ করা প্রতি কেজি জামের দাম নেওয়া হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা করে। কাঁঠাল ছোট থেকে মাঝারি আকারের দাম পড়ছে ৫০ থেকে ১০০ টাকা। বড় আকারের একেকটি কাঁঠালের দাম নেওয়া হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকা। লিচুর আঁটি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। জামরুলের কেজি ৮০ থেকে ১০০ টাকা।
বীর উজলী দীঘিরপাড় এলাকায় সড়কের পাশে নাতি ফারিয়া আক্তারকে নিয়ে চেয়ার পেতে আনারস বিক্রি করছিলেন মো. শাহজাহান। প্রায় এক বিঘা আয়তনের নিজের আনারসের বাগানের পাশেই ফলের পসরা সাজিয়েছেন তিনি। তাঁর কাছে পাওয়া যাচ্ছে জলডুগ ও ক্যালেন্ডার জাতের আনারস। শাহজাহান বলেন, ঢাকা-কিশোরগঞ্জ সড়কের যাত্রীরাই তাঁর সবচেয়ে বড় ক্রেতা। তবে পাইকারিও বিক্রি হয়।
কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ গ্রামের আমিনুল ইসলাম নিজের কাঁঠালবাগানের পাশে গাছপাকা কাঁঠাল বিক্রি করছেন। পাইকারি ও খুচরা দুইভাবেই বিক্রি করেন তিনি। তবে খুচরা বিক্রিতে লাভ বেশি বলে জানালেন আমিনুল।
কাপাসিয়া-রানীগঞ্জ সড়কের বারইগাঁও গ্রামের কাঁঠাল ও আনারস বিক্রেতা জহিরুল ইসলাম জানান, পাইকারের কাছে একটি আনারসবাগান তিনি আগেই বিক্রি করছেন। তবে ছোট বাগানের আনারস খুচরা বিক্রি করছেন। এ ছাড়া পেয়ারা, কাঁঠাল, জামরুল বিক্রি করছেন প্রতিদিন।
আমরাইদ গ্রামে অস্থায়ী দোকানে আনারসের ভর্তা বানিয়ে কয়েকজনকে নিয়ে খাচ্ছিলেন রাজিউর রহমান। তিনি জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়িতে যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে আনারস খাচ্ছেন। তাঁর ভাষ্য, এমন তাজা ফল তো আর সবখানে পাওয়া যায় না। এখানে সব সময় পাওয়া যায়। দোকানগুলোও বেশ জনপ্রিয়।
কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার প্রথম আলোকে বলেন, ফলের জন্য কাপাসিয়া অনেক আগে থেকেই বিখ্যাত। এ এলাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় ফল সরবরাহ হচ্ছে প্রতিদিন। মিষ্টতা আর ভিন্ন স্বাদের কারণে কাপাসিয়ার ফলগুলো এখন আরও বেশি পরিচিতি পাচ্ছে।