জৈন্তাপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলায় গরুবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম রায়হান আহমদ (২০)। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলজুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন রায়হান।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে গরুবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জৈন্তাপুরের হেলিরায় গ্রামের নুরুল হক (৪৫) ও সায়েদ আলী (৩৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়।
সিলেটের তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, গতকালের দুর্ঘটনায় প্রথমে দুজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে দুটি গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত তিনজনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারে কাছে হস্তান্তর করা হবে।