পেকুয়ায় টাগবোটে ডাকাতির অভিযোগে যুবক গ্রেপ্তার
কক্সবাজারের পেকুয়া উপজেলায় টাগবোটে (সাহায্যকারী জলযান) ডাকাতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে তিনটার দিকে মগনামা ইউনিয়নের কালারপাড়ার উপকূলীয় বেড়িবাঁধ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই যুবকের নাম আকতার আলম (৩২)। তিনি মগনামা ইউনিয়নের কালারপাড়া গ্রামের আহমদ হোসেনের ছেলে।
পেকুয়া থানা–পুলিশ জানিয়েছে, ১ আগস্ট উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়ার তীরবর্তী কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে রাখা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির টাগবোটে ডাকাতি হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা টাগবোটে থাকা তিন চীনা নাগরিক ও এক বাংলাদেশিকে দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে বেঁধে ফেলেন। একপর্যায়ে দুই লাখ টাকা, একটি আইপ্যাড, তিনটি মুঠোফোন, টাগবোটের নষ্ট হওয়া পাখা ও পিতলের বুশ লুট করে নিয়ে যান।
ডাকাতের মারধরে চীনা নাগরিক লিউ ইয়াং (৩৫), সান জিয়া ইয়ং (৫২), জাং জিয়াং ওয়াই (৩৪) ও বাংলাদেশি নাগরিক মো. আমিরুল (৩২) আহত হন। পরে তাঁরা চট্টগ্রাম ও পেকুয়ায় চিকিৎসা নেন।
পুলিশ আরও জানায়, ডাকাতির ঘটনায় চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপক সাকিব উদ্দিন চৌধুরী বাদী হয়ে শনিবার রাতে পেকুয়া থানায় একটি মামলা করেন। এরপর পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আকতার আলমকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে এসআই মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকতারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।