বিকল ট্রাক মেরামত করছিলেন, হঠাৎ নিচে চাপা পড়ে দুই মিস্ত্রি নিহত
বগুড়ার শেরপুরে মহাসড়কে বিকল হয়ে পড়া ট্রাক মেরামতের সময় নিচে চাপা পড়ে দুই মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
নিহত দুজন হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর এলাকার মামুনুর রশিদ (২০) ও নন্দীগ্রাম উপজেলার বাসো এলাকার আবু হানজালা (২৬)। তাঁরা ট্রাক মেরামতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় লিটন মিয়া (২২) নামের ট্রাকটির চালকও আহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম উপজেলার দামগাড়ি এলাকার বাসিন্দা।
শেরপুর হাইওয়ে পুলিশের সদস্যরা আহত তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই মিস্ত্রির মৃত্যু হয়। এ ছাড়া ওই চালকের অবস্থাও আশঙ্কাজনক
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, কাঠের গুঁড়িবোঝাই ট্রাকটি মহিপুর এলাকায় বিকল হয়ে যায়। খবর পেয়ে বগুড়া থেকে দুই মিস্ত্রি সেখানে গিয়ে ট্রাকটি মেরামতের কাজ শুরু করেন। এ সময় চালকসহ তাঁরা মহাসড়কের পশ্চিম পাশে সড়ক বিভাজকের কাছে ছিলেন। হঠাৎ ট্রাকটি পশ্চিম দিকে হেলে পড়ে তাঁদের ওপর। এতে তিনজনই চাপা পড়েন।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। পরে শেরপুর হাইওয়ে পুলিশের সদস্যরা আহত তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই মিস্ত্রির মৃত্যু হয়। এ ছাড়া ওই চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত দুজনের পরিচয় শনাক্তের পর আজ বুধবার ভোরে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ট্রাকচালকের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।