মোটরসাইকেল চালানো শিখতে বের হয়ে প্রাণ গেল দুই কিশোরের
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মোটরসাইকেল চালানো শিখতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বেশনাল এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।
নিহত কিশোরেরা হলো মোটরসাইকেলের চালক জিসান রাজা (১৭) ও তার পেছনে বসা আপন মালত (১৬)। গুরুতর আহত হয়েছে কিশোর রুবেল মালত (১৬)। তিনজনই উপজেলার মূলচর গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান রাজা দিঘিরপাড় বাজারের একটি ভাঙারির দোকানে কাজ করত। কিছুদিন আগে সে একটি মোটরসাইকেল কেনে। এরপর সে আপন ও রুবেলকে চালানো শেখাচ্ছিল। গতকাল রাতে জিসান দোকান বন্ধ করে দুজনকে মোটরসাইকেলে তুলে দিঘিরপাড় বাজার থেকে উত্তর দিকে পুরাবাজারের দিকে যাচ্ছিল। বেশনাল এলাকায় এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে স্থানীয় একটি পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জিসান রাজা ও আপন মালতকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেলে সবার পেছনে বসা রুবেল মালতকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান প্রথম আলোকে বলেন, জিসান ওই দুজনকে প্রায় সময় মোটরসাইকেল চালানো শেখাত বলে শুনেছেন। গত রাতেও মোটরসাইকেল চালানো শেখানোর জন্য বের হয়েছিল। মোটরসাইকেলে অতিরিক্ত গতি থাকায় সেটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি কড়ইগাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কারও কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।