আর্থিক সহায়তা চেয়ে গাভি উপহার পেলেন মজনু মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজনু মিয়ার হাতে গাভি তুলে দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। রোববার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে
ছবি: রাজিউর রহমান

পঞ্চগড় জেলা জজ আদালতে আইনজীবীদের শিক্ষানবিশ সহকারী হিসেবে কাজ করেন মজনু মিয়া (২৮)। নিজের কেনা দুটি গাভির সঙ্গে অন্যের কিনে দেওয়া দুটি গাভি পালতেন তিনি। সম্প্রতি এক রাতেই আকস্মিক অসুস্থ হয়ে মারা যায় মজনু মিয়ার চারটি গাভি। এতে অসহায় হয়ে পড়েন তিনি। উপায় না পেয়ে জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান মজনু। এর পরিপ্রেক্ষিতে তাঁকে একটি গাভি উপহার দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মজনু মিয়ার কাছে গাভি হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মজনু মিয়া পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের কালেশ্বর-আমলাহার এলাকার বাসিন্দা।

গাভি পেয়ে মজনু মিয়া বলেন, ‘গণশুনানিতে এসে জেলা প্রশাসকের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছিলাম। তিনি আমার চারটি গরু একসঙ্গে মারা যাওয়ার কথা শুনে আমাকে একটি গাভি কিনে দিলেন। এটাই আমার এখন একমাত্র সম্বল। এই গাভি বাড়িতে নিয়ে গেলে আমার স্ত্রী-সন্তানেরা কিছুটা হলেও সান্ত্বনা পাবে।’

খোঁজ নিয়ে জানা যায়, আধা বিঘা পৈতৃক ভিটায় চার ভাই মিলে বসবাস করেন মজনু মিয়া। এর বাইরে কোনো আবাদি জমি নেই তাঁর। আদালতে আইনজীবীর শিক্ষানবিশ সহকারী হিসেবে দিনে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয় তাঁর। মজনু ও তাঁর স্ত্রী মর্জিনা খাতুন মিলে চারটি গাভি পালতেন। মাঝেমধ্যে গাভির দুধও বিক্রি করতেন তাঁরা। তাঁদের সাত বছর ও পাঁচ বছরের দুই সন্তান আছে। অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত বছরের ১৯ এপ্রিল রাতে হঠাৎ তাঁদের চারটি গাভি মারা যায়। এতে অসহায় হয়ে পড়েন মজনু ও মর্জিনা দম্পতি। পরে জেলা প্রশাসকের গণশুনানিতে এসে মজনু মিয়া নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন। শেষ পর্যন্ত জেলা প্রশাসক তাঁকে ৩৯ হাজার টাকা দিয়ে একটি গাভি কিনে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি বুধবার জেলার বিভিন্ন এলাকার মানুষের সমস্যার কথা শুনতে গণশুনানি করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সেই ধারাবাহিকতায় সম্প্রতি জেলা প্রশাসকের কাছে এসে আর্থিক সহায়তার আবেদন জানান মজনু মিয়া। পরে জেলা প্রশাসক খোঁজখবর নিয়ে মজনু মিয়াকে ঘুরে দাঁড়াতে একটি গাভি কিনে দেন।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, একসঙ্গে চারটি গাভি মারা যাওয়ায় মজনু মিয়া অসহায় হয়ে পড়েছিলেন। তাঁদের আশা, মজনু মিয়া আবারও ঘুরে দাঁড়াবেন। এ গাভি তাঁর পরিবারের জন্য কিছুটা হলেও উপকারে আসবে।