কাপ্তাই হ্রদে পানি বেড়েছে, খোলা হলো বাঁধের ১৬টি গেট
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। এ অবস্থায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট (জলকপাট) খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এসব গেট খুলে দেওয়া হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, পানি ছাড়ার আগে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ০৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। ১০৮ ফুট এমএসএল উচ্চতাকে কাপ্তাই হ্রদের পানির বিপৎসীমা হিসেবে নির্ধারণ করা হয়। হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এসএমএল পর্যন্ত।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, বাঁধের ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে আরও ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে বলেও জানান তিনি।