আগুনমুখায় ভাঙন
সড়ক বিলীন, হুমকিতে বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের লঞ্চঘাট এলাকার ৮২০ মিটার সড়ক ভেঙে গেছে। হুমকিতে রয়েছে বাজার ও পাঁচটি গ্রাম।
প্রমত্তা আগুনমুখা নদীর ভাঙনে পটুয়াখালীর গলাচিপার পানপট্টি লঞ্চঘাটটি এখন ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে এই নদীর ভাঙনে ওই এলাকার বাঁধ ও বাঁধের ওপর নির্মিত সড়কের একটি অংশ বিলীন হয়ে গেছে। নদীতে ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে পানপট্টির মাছের বাজারসহ দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি গ্রাম।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণে পানপট্টি ইউনিয়ন। আগুনমুখার তীরে পানপট্টি মাছবাজার। এই মাছের বাজার ও পানপট্টি লঞ্চঘাটকে ঘিরে এখানে গড়ে উঠেছে মাছের আড়ত, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি। এক যুগ ধরে আগুনমুখার তীব্র স্রোত তীরে আছড়ে পড়ছে। এতে পানপট্টি লঞ্চঘাট এবং নদীর তীরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক নদীগর্ভে চলে যাচ্ছে। পাউবো জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে। তবে ভাঙন বন্ধ হচ্ছে না।
পানপট্টি লঞ্চঘাট এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গত দুই বছরে পানপট্টি লঞ্চঘাট এলাকায় ৮২০ মিটার বাঁধ ও বাঁধের ওপর নির্মিত সড়ক আগুনমুখায় বিলীন হয়েছে। এর মধ্যে ১৫০ মিটারে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে শুরু হওয়া নদীভাঙনে ৩৫০ মিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁধটি ভেঙে গেলে জোয়ারের পানিতে পানপট্টি ইউনিয়নের খারিদা, গুপ্তেরহাওলার একাংশ, তুলারাম, নয়াভাঙনী ও বদনাতলীর একাংশ প্লাবিত হবে।
এ বিষয়ে পানপট্টি ইউপির চেয়ারম্যান মু. মাসুদ রানা বলেন, পানপট্টি থেকে লঞ্চঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের ৫০০ মিটারই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খারিদা গ্রাম থেকে তুলাতলী গ্রাম পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার বাঁধ এখন নদীভাঙনের হুমকিতে রয়েছে। বাঁধ রক্ষায় পর্যায়ক্রমে বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ফেলার জন্য পাউবোর কাছে অনুরোধ করা হয়েছে।
সোমবার গিয়ে দেখা যায়, পানপট্টি মাছবাজারের পূর্ব দিকে লঞ্চঘাটে যাওয়ার সড়কের বিভিন্ন অংশ নদীতে বিলীন হয়ে গেছে। বাঁধও ভেঙে যাচ্ছে। অনেকে দোকানপাট সরিয়ে নিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, পানপট্টি লঞ্চঘাট এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে লঞ্চে আগুনমুখা পাড়ি দিয়ে রাঙ্গাবালী উপজেলায় যাতায়াত করেন মানুষ। অনেকে তাঁদের মোটরসাইকেল এই ঘাট দিয়ে নৌযানে তুলে গলাচিপা থেকে রাঙ্গাবালীতে যাতায়াত করছিলেন। তবে চলতি মাসে উঁচু জোয়ারের পানির চাপে পানপট্টি লঞ্চঘাটটিতে যাতায়াতের সড়কের বড় একটি অংশ ধসে পড়ায় মোটরসাইকেল নিয়ে নৌযানে নদী পারাপার হওয়া যাচ্ছে না।
লঞ্চঘাট এলাকার হোটেল ব্যবসায়ী জলিল সিকদার (৭০) জানান, প্রতিবছরই তাঁরা আগুনমুখার ভাঙনের শিকার হচ্ছেন। তাঁর হোটেলটি ৯ বার সরিয়ে নিতে হয়েছে। এই বাঁধ সম্পূর্ণ ভেঙে গেলে পাশের তুলারাম গ্রামে তাঁর বাড়িঘর ও ফসলি জমিতে জোয়ারের পানি প্রবেশ করবে।
পাউবোর গলাচিপা কার্যালয়ের দায়িত্ব পাওয়া উপসহকারী প্রকৌশলী মো. মিরাজ গাজী জানান, নপট্টি এলাকায় আগুনমুখার তীরবর্তী ভাঙনকবলিত এলাকা রয়েছে। দুই বছর আগে এখানে ৩২০
মিটার জিও ব্যাগ দিয়ে প্রতিরক্ষার কাজ করা হয়েছে। চলতি বছর ভাঙনকবলিত এলাকায় ১৫০ মিটার জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষার কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জোয়ারের কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। এই কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
এ বিষয়ে পাউবোর পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, পানপট্টি আগুনমুখার তীরবর্তী বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ব্লক ফেলে স্থায়ীভাবে প্রতিরক্ষার পরিকল্পনা নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ওই কাজ শুরু করা হবে।