ঘূর্ণিঝড়ের আগে কয়রায় বেহাল বাঁধ নিয়ে বাড়ছে উদ্বেগ
‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়’—বাংলা এ প্রবাদ যেন সত্যি হয়ে উঠেছে খুলনার সর্বদক্ষিণের উপকূলীয় উপজেলা কয়রার জনপদে। দুর্যোগপ্রবণ উপজেলাটির পরে আর লোকালয় নেই, আছে সুন্দরবন আর সাগর। আকাশে কালো মেঘ আর ঝড়ের নাম শুনলেই নদীভাঙনের আতঙ্কে থাকেন এই এলাকার মানুষেরা।
বঙ্গোপসাগরে মোখা নামের ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় এরই মধ্যে আতঙ্কের প্রহর গুনছেন উপকূলের বাসিন্দারা। নদীতে জোয়ারের পানির চাপ বাড়লে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হবে শতাধিক গ্রাম। এমন আশঙ্কার কথা জানিয়ে বাঁধের অধিক ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
গতকাল বৃহস্পতিবার কয়রার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকেই ঘরের চাল সংস্কার করছেন। গোলপাতা বা টিনের চাল কীভাবে আরও একটু মজবুত করা যায়, সেই চেষ্টা করছেন। ঘরের বেড়া ও দেয়ালে কাঠের ঠেকনা দিয়ে শক্ত করছেন কেউ কেউ। খেত থেকে আধা পাকা ফসল তুলে নিচ্ছেন বহু চাষি। গাছের কাঁচা আমও পেড়ে ফেলা হচ্ছে। তবে এলাকাবাসীর সবচেয়ে দুশ্চিন্তার কারণ নদীর দুর্বল বাঁধ।
কয়রা সদর ইউনিয়নের মদীনাবাদ লঞ্চঘাট–সংলগ্ন এলাকা, ঘাটাখালী, উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি, মহেশ্বরীপুর ইউনিয়নের শিকারিবাড়ি, উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরি, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা, জোড়শিংসহ প্রায় ৫ কিলোমিটার বাঁধ বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শাকবাড়িয়া নদী ও কপোতাক্ষ নদের প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন জায়গা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা-২ বিভাগ সূত্র জানায়, তিনটি নদ-নদীবেষ্টিত কয়রা উপজেলায় পাউবোর বেড়ি বাঁধ রয়েছে ১২৪ কিলোমিটার। ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পান ও ২০২১ সালে ইয়াসের পর এখন পর্যন্ত ২১টি স্থানে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হয়েছে। এর পাশাপাশি ২০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করা হয়েছে। বর্তমানে প্রায় সাত কিলোমিটারের বেশি বাঁধের সংস্কারকাজ চলছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে এখনো বাঁধ ভাঙনের ঝুঁকিতে আছে। এর মধ্যে গাতিরঘেরি এলাকায় জাইকার অর্থায়নে তিন কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত একটি বাঁধের অর্ধেক অংশ নদীতে ধসে গেছে। এ ছাড়া ঘূর্ণিঝড় আম্পান–পরবর্তী সময়ে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কয়রা সদর ইউনিয়নের হরিণখোলা এলাকার টেকসই বাঁধের কয়েক জায়গায় ধসে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।
গাতিরঘেরি গ্রামের বাসিন্দা সাধন সরকার বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসে দুবার বাঁধ ভেঙে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। সে ক্ষতি এখনো পুষিয়ে নিতে পারেনি কেউ। প্রতিবার বাঁধ ভাঙে আর আমরা হারাই বাড়িঘর ও ফসলি জমি। দুর্যোগের খবর শুনলেই আতঙ্কে থাকি—আবার বুঝি জমি হারাতে হয়।’ তিনি জানান, ক্ষতিগ্রস্ত মানুষের দাবির মুখে তাঁদের এলাকায় প্রায় এক কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু সে বাঁধও এখন ঝুঁকির মুখে। বাঁধের দুই পাশে সামান্য মাটি ও মাঝখানে বালু দিয়ে ভরাট করায় নদীর ঢেউ লেগে মাটি ধুয়ে যাচ্ছে। পরে তা ধসে পড়ছে।
উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা হোসনেয়ারা বেগম বলেন, ‘ঝড়ের সময় সবাই সাইক্লোন শেল্টারে যেতে বলে। কিন্তু বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল ফেলে রেখে যেতে পারি না। অনেক সময় জীবন বাজি রেখে বাধ্য হয়ে বাড়িতে পড়ে থাকতে হয়।’
গত বছর ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রায় ১২ বিঘা জমির মাছের ঘের পানিতে তলিয়ে যায় বলে জানান কয়রার চিংড়িঘেরের মালিক আবদুল মান্নান। তিনি বলেন, ‘সেবার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারিনি। আবার শুনছি নতুন করে ঝড় আসবে। এবার বাঁধ ভাঙলে একেবারে পথে বসতে হবে।’
কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, ষাটের দশকে নির্মাণ করা এখানকার বেড়িবাঁধগুলো আর পুনর্নির্মাণ করা হয়নি। এসব বাঁধ এখন আর সামাল দিতে পারছে না ঝড়-জলোচ্ছ্বাসের ধাক্কা। জিও ব্যাগের বালুর বস্তা আর রিং বাঁধ দিয়ে কোনোরকম টিকিয়ে রাখা হয়েছে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া বাঁধ। দুর্যোগ থেকে বাঁচতে এলাকার মানুষ বারবারই কংক্রিটের নদী বাঁধের দাবি জানিয়েছেন। কিন্তু তা আর হয়নি।
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, উপজেলার দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি সভায় আজ-কালের মধ্যে এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কারের জন্য বলা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, ‘আগের কয়েকটি দুর্যোগে অগ্রিম প্রস্তুতি থাকায় জানমালের ক্ষয়ক্ষতি কমানো গিয়েছিল। এবারও আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
পাউবো খুলনা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ১ মে কয়রা উপজেলার দুটি পোল্ডারের বাঁধ সরেজমিন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি স্থানে সংস্কারকাজ শুরু হয়েছে। বাকি কাজও দ্রুত শুরু হবে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।