চন্দনাইশে টাকা বিতরণের অভিযোগ অলি আহমদের

চট্টগ্রামের চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। আজ সকাল সাড়ে ৯টায় তোলাছবি: প্রথম আলো

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, তিন দিন ধরে বিভিন্ন গ্রাম থেকে এ ধরনের অভিযোগ আসছে। অনেকে হাতেনাতে ধরা পড়েছেন। কয়েকজনকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে, আবার কাউকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন অলি আহমদ। এই আসনে তাঁর ছেলে ওমর ফারুক জামায়াতে ইসলামী–সমর্থিত ‘১১–দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার পর অলি আহমদ বলেন, ‘ভবিষ্যতে দেশকে এ ধরনের পরিস্থিতি থেকে কীভাবে মুক্ত করা যায়, তা নিয়ে ভাবতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামীকাল ১১–দলীয় ঐক্যজোট সরকার গঠন করবে।’

এর আগে সকাল ৯টায় একই কেন্দ্রে ভোট দেন এলডিপির প্রার্থী ওমর ফারুক। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বড় ধরনের কোনো অভিযোগ নেই। তবে গতকাল বুধবার কয়েকটি জায়গায় টাকা দেওয়ার খবর শুনেছি।’

কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল। প্রিসাইডিং কর্মকর্তা আবুল ফজল মো. মনসুর উল্লাহ প্রথম আলোকে বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪০৬। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। বেশির ভাগ প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত আছেন।

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫১৩। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন, নারী ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ ও হিজড়া ১ জন। ১০০টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে। আসনটিতে মোট আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।