শিক্ষা কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্যের ভাগনেসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলার মানচিত্র

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রউফকে মারধরের ঘটনায় প্রধান আসামি ও স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগনেসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্র ও গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে উপজেলার মানিকপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি ও সংসদ সদস্যের ভাগনে জামাল উদ্দিন (৩০) ও সৈনিক লীগ নেতা রুবেল বালীকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় মামলার আসামি ওসমান গণি (৩১), আবু বক্কর (২৯) ও জুয়েল রানাকে (২৬)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খাঁন জানান, আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রউফের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধর ও গালিগালাজ করেন এবং ওই শিক্ষা কর্মকর্তার হাত কেটে নেওয়াসহ গুলি করে মেরে ফেলার হুমকি দেন জামাল উদ্দিন ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।