বাড়িতে একা রেখে যাওয়া গৃহকর্মী পালালেন ২২ লাখ টাকার মালামাল নিয়ে

গ্রেপ্তারের পর গৃহকর্মী সেলিনার কাছ থেকে উদ্ধার করা নগদ টাকা ও সোনার গয়নাছবি: পুলিশের সৌজন্যে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে গৃহকর্মীকে একা রেখে গৃহকর্তা স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। ফিরে দেখলেন বাড়ির আলমারির তালা ভাঙা। নগদ এক লাখ টাকা, ১২ ভরি সোনার গয়নাসহ খোয়া গেছে ২২ লাখ টাকার মালামাল। তবে চুরি করা মালামালসহ ওই গৃহকর্মীকে পরে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সোনার গয়নাসহ ২২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়া গৃহকর্মী সেলিনা আক্তারকে গতকাল বুধবার রাতে কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কোয়াংছড়ি পাড়া থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ঘটনার দেড় মাস আগে সেলিনা ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেন। ৯ জানুয়ারি বিকেলে তাঁকে বাসায় রেখে গৃহকর্তা মো. মাহবুবুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে যান। তিনি বাসায় ফিরে দেখেন আলমারির ড্রয়ারের তালা ভাঙা। সেখানে থাকা সাড়ে ১২ ভরি সোনার গয়না, নগদ এক লাখ টাকা নেই। পরে ২১ জানুয়ারি মো. মাহবুবুর রহমান খুলশী থানায় মামলা করেন।

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন সাংবাদিকদের জানান, গ্রেপ্তার সেলিনার কাছ থেকে সোনার ব্রেসলেট, গলার হার, গলার চিক, চেইন, বালা, কানের দুলসহ মোট সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।