টেকনাফে ইউপি সদস্যকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি সদস্য বাদশা মিয়াকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে মানববন্ধন। শুক্রবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার স্টেশন এলাকায়
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে এক ইউপি সদস্যকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার স্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, ওই ইউপি সদস্যের নিজ কার্যালয়ে ইয়াবার চালান মজুত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৬)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। বাদশা মিয়া হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা নুর হোসেনের ছেলে ও হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাদশা মিয়াকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে বাদশা মিয়ার অনুসারীরা গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সেখান থেকে তাঁদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আজ দুপুরের দিকে নয়াবাজার স্টেশন এলাকায় ইউপি সদস্য বাদশা মিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বাদশা মিয়ার স্ত্রী জুলেখা বেগমসহ কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত আইনজীবী মইনুল হোসেন প্রশাসন ও সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ঘটনাস্থলে এসে তদন্ত করে দেখুন এবং সত্য ঘটনা প্রকাশ করুন। নিরপরাধ বাদশা মিয়াকে অবিলম্বে আমাদের কাছে ফেরত চাই।’

বক্তারা বলেন, বাদশা মিয়াকে মসজিদ থেকে ডেকে এনে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে। তিনি নির্দোষ, তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে। বক্তারা তাঁর মুক্তি দাবি করেন।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ওই ইউপি সদস্যের নিজ কার্যালয়ে ইয়াবার চালান মজুতের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে ৩০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদক আইনে গতকাল রাতেই মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠিয়ে দেন।