বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশ সোনার বাংলা হতো: শ ম রেজাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে বঙ্গবন্ধুর ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে অনেক আগেই দেশ সোনার বাংলায় পরিণত হতো। জাতি হিসেবে বাঙালির অবস্থান অনেক আগেই বিশ্বের শীর্ষ অবস্থানে চলে যেত। বঙ্গবন্ধু হতেন পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী নেতা। বিষয়টি বুঝতে পেরেই বিদেশি কুচক্রী মহল এদেশীয় স্বার্থান্বেষী কুচক্রীদের মাধ্যমে তাঁকে হত্যা করেছিল। মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি। বঙ্গবন্ধুর রক্তের স্রোতোধারাকে স্তব্ধ করার জন্য তাঁর উত্তরসূরি যেন না থাকে, সে জন্য শিশু শেখ রাসেলকেও হত্যা করেছিল। তবে আল্লাহর অশেষ কৃপায় সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। এরপরও ওই মহল থেমে থাকেনি। তারা শেখ হাসিনাকে হত্যার জন্য ২০ বার চেষ্টা করেছে। সর্বশেষ ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। একজন বিরোধী দলের নেতার পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। হামলার আগে সব পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা সেদিন বেঁচে যান। পৃথিবীর জঘন্যতম ওই হামলার পর তারা আওয়ামী লীগের অভিযোগ আমলে না নিয়ে জজ মিয়া নাটক সাজিয়েছিল। আল্লাহর ইচ্ছায় খুনিদের বিচার হয়েছে।

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা সবাই কর্মী, একমাত্র শেখ হাসিনা হলেন নেতা। তিনি জাতির জনকের রক্তের উত্তরসূরি। নেতৃত্বের কোন্দল নিয়ে অহেতুক বিবাদ না বাধিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা চণ্ডীচরণ পাল, সহসভাপতি আবদুর রাজ্জাক খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শিকদার চান প্রমুখ।