কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজারহাট-তিস্তা সড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলু মিয়া (২০) ও তাঁর বাবা সিদ্দিক শেখ (৫৫) কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে করে তিস্তার চর এলাকায় কাজে যাচ্ছিলেন বাবা–ছেলে। পথে একটি রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁরা দুজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন আহত দুলু মিয়াকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।