ধসে গেছে বিকল্প সড়ক, যাতায়াতে ভোগান্তি 

বাইসাইকেল ও মোটরসাইকেল ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পণ্য পরিবহনে ভোগান্তি বেশি। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্প সড়ক ধসে পড়েছে। সেখানে কাঠের খুঁটি ও বেড়া দেওয়া হয়েছে। গত শুক্রবার কুমারখালী উপজেলার পান্টি বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

সড়কের পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছে। চলাচল সচল রাখতে ঠিকাদার নির্মাণাধীন সেতুর পাশে মাটি দিয়ে কাঁচা ও জরাজীর্ণ বিকল্প সড়ক নির্মাণ করেছেন। সেই সড়ক দিয়ে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কোনোমতে যানবাহন চলাচল করছিল। কিন্তু সপ্তাহখানেক হলো বিকল্প সড়কটি ধসে গেছে। ঠিকাদার সড়কের সংস্কারকাজ না করে বাঁশ ও কাঠের খুঁটি পুঁতে দিয়েছেন।

এতে বাইসাইকেল ও মোটরসাইকেল ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ ও পণ্যবাহী যানবাহন। সেতু এলাকায় এসে ফিরে যাচ্ছেন অনেকে।

জনদুর্ভোগের এমন চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারে ডাকুয়া নদীর ওপর নির্মাণাধীন সেতু এলাকার। ডাকুয়া নদীর দুই পাড় ঘেঁষে ঐতিহ্যবাহী পান্টি বাজার। উপজেলা সদরের পর এটাই বড় বাজার। উপজেলার চাঁদপুর, বাগুলাট, পান্টি ও যদুবয়রা ইউনিয়নের প্রায় লাখো মানুষ লালন বাজার-পান্টি বাজার সড়ক দিয়ে চলাচল করে। এ ছাড়া পার্শ্ববর্তী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একাংশের বাসিন্দারা কুষ্টিয়া শহরে যেতে এই সড়ক ব্যবহার করে।

বছরখানেক আগে গুরুত্বপূর্ণ সড়কের পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতুর কাজ শুরু করেন ঠিকাদার। যোগাযোগের জন্য নির্মাণাধীন সেতুর পাশে মাটি দিয়ে বিকল্প কাঁচা সড়ক নির্মাণ করা হয়। সপ্তাহখানেক হলো কাঁচা সড়কটি ধসে গেছে। ঠিকাদার সড়ক সংস্কার না করে খুঁটি পুঁতে দিয়েছেন। এতে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, পান্টি বাজার এলাকায় ডাকুয়া নদীর ওপর প্রায় ৮১ মিটার গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকা। সেতু নির্মাণের কার্যাদেশ পায় কুষ্টিয়া ত্রিমোহনী এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান রুমানা এন্টারপ্রাইজ (জেভি)। চুক্তি অনুয়ায়ী, ২০২১ সালের ১৭ আগস্ট কাজ শুরু হয়ে ২০২২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা। কিন্তু পুরোনো সেতু অপসারণ, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধিসহ নানান অজুহাতে ঠিকাদার সময়মতো কাজ শুরু করেননি।

গত শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, ডাকুয়া নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন সেতুর পশ্চিম পাশে জরাজীর্ণ মাটির বিকল্প সড়ক। এর দক্ষিণ পাশে কাঠের তিনটি খুঁটি পুঁতে বাঁশের বেড়া দেওয়া রয়েছে। মানুষ হেঁটে চলাচল করছে। ঝুঁকি নিয়ে চলাচল করছেন মোটরসাইকেল চালকেরা। ভ্যান, অটো রিকশা, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফিরে যাচ্ছে।

এ সময় কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী জাহিদ হাসানের সঙ্গে। তিনি বলেন, সেতুর তৃতীয় বেজ ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিকল্প সড়কটি ধসে গেছে। এই সড়ক দিয়ে চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সে জন্য বাঁশ ও কাঠ দিয়ে চলাচল বন্ধ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে চলাচল স্বাভাবিক করা হবে।

জাহিদ হাসান আরও বলেন, পুরোনো সেতু অপসারণের কাজে দেরি হয়েছে। কাজের নির্ধারিত মেয়াদ শেষে প্রায় ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। আগামী দেড় বছরের মধ্যে সেতুর কাজ শেষ করা হবে।

নির্মাণাধীন সেতু এলাকার দোকানি পলাশ হোসেন বলেন, প্রায় এক বছর আগে কাজ শুরু হয়েছে। কচ্ছপের গতিতে চলছে কাজ। সপ্তাহখানেক হলো সড়কে খুঁটি পুঁতে চলাচল বন্ধ করেছেন ঠিকাদার। মানুষের চরম ভোগান্তি হচ্ছে। বাজারের ব্যবসা-বাণিজ্য বন্ধের উপক্রম হয়েছে।

পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন জানায়, প্রায় দুই কিলোমিটার দূর থেকে বাইসাইকেলে করে বিদ্যালয়ে যাতায়াত করে সে। রাস্তায় কাঠের খুঁটি ও বাঁশের বেড়া। চলাচল করা যাচ্ছে না।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবদুর রহিম বলেন, সড়কে বাঁশ ও কাঠের খুঁটি পুঁতে রাখার বিষয়টি শুনেছেন তিনি। জনদুর্ভোগ নিরসনে ঠিকাদারকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেতুর কাজ এ পর্যন্ত ৫০ ভাগ শেষ হয়েছে। কাজ শেষ করতেও তাগিদ দেওয়া হয়েছে।