রাজশাহীর সাবেক মেয়রের বাড়িতে কলেজছাত্রকে আটকে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় মামলা

গ্রেপ্তারপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়িতে কলেজছাত্রকে আটকে রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বোয়ালিয়া থানায় ভুক্তভোগী কলেজছাত্র ফাহিম হোসেন জীম বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর এ ঘটনায় আটক তিন তরুণকে গতকাল রাতে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন জাহিদুল ইসলাম (২০), তাহাসান হোসেন আকাশ (২১) ও শাহাদাত হোসেন (২৭)। শাহাদাতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। অন্য দুজনের গ্রামের নাটোর সদরে। তাঁরা রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। আর ভুক্তভোগী ফাহিম হোসেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ প্রথম আলোকে বলেন, কলেজছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী কলেজছাত্র ফাহিম হোসেন দাবি করেন, গ্রেপ্তার ওই তিন তরুণ তাঁর কাছে নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়েছিলেন। তবে গ্রেপ্তারের সময় শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি সমন্বয়ক না, রাজশাহী কলেজের সাধারণ স্টুডেন্ট। আমি কোনো টাকা-পয়সা দাবি করিনি। আমি শুধু ওকে (জীমকে) বলেছি, তোমার বন্ধু ছাত্রলীগ, তাঁকে এনে দাও।’

ফাহিম হোসেন বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত আমি আন্দোলনে ছিলাম। কিছুদিন ধরে আমাকে বারবার কল করা হচ্ছিল, বলা হচ্ছিল, আমি নাকি ছাত্রলীগ করি। আমি নগর ভবনের সামনে ছিলাম। সেখান থেকে আমাকে তুলে আনা হয়েছে। আনার পরে মারধর করে। বলে, আমার সঙ্গে নাকি ছাত্রলীগের যোগাযোগ আছে। তারা আমার কাছে চাঁদাও দাবি করেছিল। পরে আমি আমার দুজন বন্ধুকে ডাকলাম। আমার বন্ধুরা এসে লোকজন ডেকে আমাকে উদ্ধার করল।’

আরও পড়ুন