চট্টগ্রাম নগরে একটি কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, এক বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর এলাকা থেকে আসা ডায়রিয়া আক্রান্ত রোগীর অধিকাংশ শুরুতে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ দুপুরেছবি: হাসপাতালের সৌজন্যে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুই দিনে অন্তত ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে আবদুল মতিন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে তাঁকে টেক্সটাইল মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বায়েজিদের চন্দ্রনগর এলাকার বাবুলের কলোনিতে বৃহস্পতিবার রাতে প্রথম কয়েকজনের মধ্যে ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। আক্রান্ত একজনকে রাতেই মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া আরেক ব্যক্তিও অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ও মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে।

মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাতুল হালদার বলেন, ডায়রিয়ায় আক্রান্ত সাতজন তাঁদের হাসপাতালে ভর্তি হয়েছেন। সবাই একই এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে এটি পানিবাহিত রোগের প্রাদুর্ভাব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবদুল মতিনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

বাবুলের কলোনির বাসিন্দা আবদুল্লাহ আল হারুন বলেন, যে পানির ট্যাংক থেকে কলোনির বাসিন্দাদের পানি সরবরাহ করা হয়, সেটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ট্যাংকের ভেতরে মৃত ইঁদুর পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। তাঁর দাবি, দূষিত পানি ব্যবহারের কারণেই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যা ৩০ জনের বেশি হতে পারে বলেও তিনি জানান।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম প্রথম আলোকে বলেন, সেখানে ওয়াসার কোনো সংযোগ নেই।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগের স্যানিটেশন কর্মকর্তাদের পাঠানো হবে।