পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া দুই আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন হাফিজুল ইসলাম ও সমেলা বেগম। গতকাল মঙ্গলবার রাতে নগরের চকবাজার থানার দামপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার এড়াতে তাঁরা নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের দামপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কুড়িগ্রামে পুলিশের ওপর আক্রমণ করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ৫ জানুয়ারি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা-পুলিশ পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযানে যায়। চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আরাজি পাইকডাঙ্গা বাবুরহাট বাজারের উত্তর এলাকা থেকে ১ হাজার ৬০০ ইয়াবা বড়িসহ হাফিজুল ইসলাম ও তাঁর স্ত্রী সমেলা বেগমকে গ্রেপ্তার করে। আসামিদের নিয়ে থানায় যাওয়ার সময় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার ওপর আসামিদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জন পুলিশের ওপর হামলা করেন। এ সময় দেশীয় ধারালো অস্ত্র, লাঠি, লোহার রড, গাছের ডাল ইত্যাদি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ভূরুঙ্গামারী থানার এসআই মোহাম্মদ আরিফ মাহমুদ বাদী হয়ে দুজনের নামোল্লেখ এবং ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন।