রংপুরে মেয়র প্রার্থীরা ‘জনগণের মুখোমুখি’, মডেল সিটি গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে মডেল সিটি গড়ার অঙ্গীকার করেন। আজ সোমবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে
ছবি: প্রথম আলো

পয়োনিষ্কাশন ব্যবস্থা দূরীকরণ, পর্যাপ্ত সড়কবাতি, রাস্তা প্রশস্তকরণ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিকল্পিত মডেল সিটি গড়ে তুলতে এক মঞ্চে দাঁড়িয়ে অঙ্গীকার করেছেন রংপুর সিটি করপোরেশনের প্রতিদ্বন্দ্বী ৯ মেয়র প্রার্থী।

আজ সোমবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেয়র প্রার্থীরা ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’-এ এই অঙ্গীকার করেন। সুশাসনের জন্য নাগরিক—সুজনের উদ্যোগে বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন রংপুর মহানগর সুজন সভাপতি খন্দকার ফখরুল আনাম। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন শ্রেণি–পেশার নাগরিক উপস্থিত ছিলেন।

২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৯ প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা (ডালিয়া), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, জাসদের (ইনু) শফিয়ার রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, জাকের পার্টির খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান ও মেহেদী হাসান। ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’-এ তাঁরা সবাই উপস্থিত ছিলেন।

রংপুর নগরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা নগরের জলাবদ্ধতা নিরসন, যানজটমুক্তকরণ, তরুণ সমাজের জন্য খেলাধুলার মাঠ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, প্রশস্ত ও বিকল্প সড়ক, প্রযুক্তির ব্যবহার বাড়ানো, হাই–টেক পার্কের মাধ্যমে তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নাগরিক সেবা সহজীকরণসহ বাসযোগ্য নগর গড়ে তোলার অঙ্গীকার করেন।

আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা বলেন, ‘সারা দেশের সিটি করপোরেশনে যেভাবে উন্নয়ন হয়েছে, সেখানে রংপুর সিটিতে তেমন উন্নয়ন হয়নি। যোগ্য নেতৃত্ব না থাকার কারণে এমনটি হয়েছে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমাকে নির্বাচিত করা হলে সিটির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারব।’
তবে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমি সিটির মেয়র থাকাকালে পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন করেছি। কিছু উন্নয়নকাজ এখনো চলমান। সেই সঙ্গে শহরের ভেতর দিয়ে প্রবাহিত শ্যামাসুন্দরী খাল সংস্কারে একটি মেগা প্রকল্প কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেটি বাস্তবায়ন করা হবে।’

নির্বাচিত হলে বিভিন্ন শ্রেণি–পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময় করে প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করবেন বলে জানান জাসদের (ইনু) প্রার্থী শফিয়ার রহমান। তিনি বলেন, ‘নগরের অন্যতম সমস্যা যানজট নিরসনে ভূমিকা রাখবেন। জলাবদ্ধতা দূরীকরণে শ্যামাসুন্দরী খাল সংস্কার কিংবা পুনঃখনন করার বিকল্প নেই। কিন্তু এই খালের শুধু বিধ্বস্ত দশা হয়েছে। খালটির সৌন্দর্য বৃদ্ধি করে পানি প্রবাহ সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করব।’

আওয়ামী লীগের বিদ্রোহী লতিফুর রহমান বলেন, এই নগরের একটি মাত্র প্রধান সড়ক। সেই সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এতে সব সময় যানজট লেগে থাকে। তিনি নির্বাচিত হলে সড়ক প্রশস্তকরণসহ যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা করবেন। অটোরিকশার চাপ কমাতে ছোট ছোট কৃষিভিত্তিক কারখানা গড়ে তোলার উদ্যোগ নেবেন যাতে কর্মসংস্থান সৃষ্টি হবে।