ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস সরবরাহপ্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহর, সদর ও সরাইল উপজেলার আবাসিক ও বাণিজ্যিক প্রায় ২৩ হাজার গ্রাহক গ্যাস সরবরাহ পাবেন না।

আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার অধীন জেলা শহর, সদর ও সরাইল উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এ ছাড়া সরাইল কুট্টাপাড়া ও বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্পসহ বিসিক এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল হক প্রথম আলোকে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময়ে জেলা শহর, সদর ও সরাইল উপজেলার সব ধরনের গ্রাহক গ্যাস সরবরাহ পাবেন না।

জেলা শহরের কালাইশ্রীপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, ‘আগামীকাল গ্যাস থাকবে না শুনে প্রস্তুতি নিতে শুরু করেছি। ইতিমধ্যে পাউরুটি ও কলা কিনেছি। আগামীকাল দিনভর হোটেলগুলোতে ভিড় থাকবে।’

ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের প্রভাষক শাজাহান মিয়া বলেন, ‘আগাম প্রস্তুতি হিসেবে আজ রাতেই খাবার কিনে রাখব। কাল হোটেলে খাবার পাওয়া যাবে না। আজ রাতেই বাড়িতে আগামীকালের রান্না করা হবে।’