আক্কেলপুরে নিজ বাড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক গৃহবধূকে নিজ বাড়িতে গলা কেটে করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পান্না বেগম (৩০) ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গুডুম্বা গ্রামের বাসিন্দা সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে সিরাজুল ইসলাম শবে বরাতের মিলাদ করতে গ্রামের মসজিদে যান। রাত ১০টার দিকে তিনি বাড়িতে ফিরে ঘরের ভেতর তাঁর স্ত্রীর লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। প্রতিবেশীরা ছুটে এসে ঘরের ভেতর পান্না বেগমের গলাকাটা লাশ দেখতে পান। এরপর তাঁরা পুলিশে খবর দেন। রাতেই আক্কেলপুর পুলিশের একটি দল ওই বাড়িতে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, রাতেই গৃহবধূর লাশ থানায় আনা হয়। আজ বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। তাঁরা হলেন—নিহত ব্যক্তির স্বামী সিরাজুল ইসলাম ওরফে লালু (৩৪), ভাসুর আসাদুল ইসলাম (৪০), ভাবি মোছা সাগিরা (৩৫) ও প্রতিবেশী মাসুদ রানা (২২)। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে।