খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অভিযান

খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন দোকানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। আজ সকালে তোলা।ছবি: প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে বেশ কটি পেট্টলপাম্প ও দোকানে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর দীঘিনালা জোন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ ও দীঘিনালা সেনা জোনের জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী এ অভিযানের নেতৃত্ব দেন। তাঁরা সকাল থেকেই উপজেলার বিভিন্ন পেট্রলপাম্প ও তেলের দোকানে অভিযান চালান।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারসহ পার্শ্ববর্তী বাজারগুলোর কিছু পেট্রলপাম্প ও তেলের দোকান বন্ধ রাখার অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় জ্বালানি তেল নিয়ে সংকটের আশঙ্কা রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, জ্বালানি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশে জ্বালানি তেলের মজুত ফুরিয়ে যায়নি। তবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তেল কিনছেন।