রাজশাহীতে চুরি হওয়া শিশুটি আশুলিয়া থেকে উদ্ধার, নারী গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা থেকে চুরি হওয়ার এক দিন পর সাত মাসের শিশু জুবাইদা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার সাভারের আশুলিয়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী শিউলি বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের জাহিদ হাসানের একমাত্র মেয়ে। গ্রেপ্তার শিউলি বেগম একই গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী। গত বুধবার শিউলি বেগম প্রতিবেশীর সাত মাসের এক শিশুকে নিয়ে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনায় শিশুটির বাবা জাহিদ হাসান বাদী হয়ে শিউলি বেগমের নামে থানায় মামলা করেন। গতকাল সকাল থেকে প্রযুক্তির সহায়তায় শিউলি বেগমকে খোঁজার চেষ্টা চলে। থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন ঢাকার আশুলিয়া এলাকায় যান। সঙ্গে শিশুর বাবাসহ স্বজনেরা ছিলেন। শিউলি বেগম গ্রেপ্তার এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করেন। পরে গতকাল সন্ধ্যার পর আশুলিয়ার একটি বাড়ি থেকে শিশু জুবাইদাকে উদ্ধার ও শিউলি বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আজ শুক্রবার সকালে এসআই শিহাব উদ্দিন মুঠোফোনে বলেন, ‘শিশুটিকে উদ্ধার করতে ও শিউলি বেগমকে ধরতে বেশ বেগ পোহাতে হয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রাজশাহীর এসপি স্যার আপনাদের (সাংবাদিক) বিস্তারিত জানাবেন।’
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎ হোসেন ও শিউলি বেগম দম্পতির ১০ ও ৫ বছরের দুটি সন্তান রয়েছে। শিউলি বেগম ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। দেড় মাস আগে দুই সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়ি দানগাছিতে চলে আসেন। তাঁর স্বামী ঢাকাতেই আছেন।