প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে মাদারীপুর সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুই পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—বাজিতপুর এলাকার মোকসেদ হাওলাদারের ছেলে রফিকুল হাওলাদার, আলম হাওলাদারের ছেলে কালু হাওলাদার, আলমগীর সরদারের ছেলে সৌরভ সরদার, আমিন হাওলাদারের মেয়ে সোমেলা বেগম ও আমিন হাওলাদারের ছেলে খলিল হাওলাদার। এর মধ্যে রফিকুল হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজিতপুর এলাকার রুহুল আমিন সরদারের সঙ্গে তাঁর প্রতিবেশী সামছু ফকিরের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল রাতে বিরোধপূর্ণ জমিটি সামছু ও তাঁর লোকজন দখলে নিতে যান। এতে রুহুল আমিন ও তাঁর লোকজন বাধা দিতে গেলে সামছু তাঁর লোকজন নিয়ে রুহুল আমিনের বাড়িতে হামলা চালান। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নারীসহ দুই পক্ষের অন্তত আটজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষের সময় চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী বাজিতপুর এলাকায়
ছবি: প্রথম আলো

রুহুল আমিন অভিযোগ করে বলেন, ‘সামছু ফকির আমার চাচাতো ভাই আজিজুল সরদারের থেকে কিছুদিন আগে ২১ শতাংশ জমি কিনে। তিনি তাঁর কেনা জায়গায় না গিয়ে আমাদের বাড়ির জমি দখল করার উদ্দেশে হামলা চালায়। তাঁরা আমাদের বাড়িঘরে লুটপাট করে টাকাসহ ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আমরা এর বিচার চাই।’

অভিযোগের বিষয়ে সামছু ফকির বলেন, ‘আমার কেনা জমির অংশ রুহুল জোর করে দখল করে আছে। আমরা আমাদের জমিতে ঘর করতে গেলে রুহুল উল্টো আমাদের ওপর হামলা চালায়। রুহুল এলাকায় কাউকে মান্য করে না। ক্ষমতাবলে সব কিছু দখলে নিতে চায়।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মূলত সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে থানায় আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে মামলা নেওয়া হবে।