সিলেটে চার লেন কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কুমারগাঁও-বাদাঘাট-বিমানবন্দর সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার বিকেলে শহরতলির তেমুখি এলাকায়
ছবি: প্রথম আলো

সিলেটের কুমারগাঁও-বাদাঘাট-বিমানবন্দর সড়ক চার লেনে উন্নীতকরণ নির্বাচনী ওয়াদা ছিল। সেটি পূরণ করতে পেরে খুশি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ছাড়া সিলেটে সুরমা নদীর ওপর স্থাপিত কিনব্রিজ সেতুর পাশে আরেকটি সেতু স্থাপনের পরিকল্পনা রয়েছে।

আজ শনিবার বিকেলে শহরতলির তেমুখী এলাকায় সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন এ কে আব্দুল মোমেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আরও বলেন, তিনি নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন, নির্বাচিত হলে কুমারগাঁও-বাদাঘাট-বিমানবন্দর সড়কটির উন্নয়ন করবেন। চার লেনের সড়কটির উন্নয়নকাজ ২০২৪ সালের জুনে শেষ হবে। এ সড়কটি চার লেনে উন্নীত হওয়ার ফলে অনেকের ভোগান্তি কমবে। এ অঞ্চলের বাসিন্দারা যানজট এড়িয়ে শহরে অনায়াসেই যাতায়াত করতে পারবেন। অন্যদিকে শহরে চলাচল করা ভারী ট্রাকগুলো বাধাহীন যাতায়াত করতে পারবে। এতে শহরের যানজটও কমবে।

পররাষ্ট্রমন্ত্রী সিলেটের বাসিন্দাদের ভোগান্তি কমাতে ব্রিটিশ আমলের কিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর আরেকটি সেতু স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানান। নতুন সেতু স্থাপনের জন্য পরিকল্পনা প্রস্তুত রয়েছে। সেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পরই সেটির কাজ শুরু হবে।

দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের মঙ্গল চান। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে রাস্তাঘাটসহ দেশের উন্নয়ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুমারগাঁও-বাদাঘাট-বিমানবন্দর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ৭২৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।