দেশে সাইবার অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার বিকেলে
ছবি: প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশে সাইবার অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাইবার অপরাধ এত বেশি বিস্তার লাভ করেছে যে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে আমাদের দেশের মেয়েরা এ অপরাধের শিকার হচ্ছে। এ জন্য তারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে। বর্তমানে আমরা সাইবার ক্রাইম ইউনিট গঠন করেছি।’

আজ শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গাজীপুর পুলিশ লাইনসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আখতার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশের শৃঙ্খলা বজায় রাখার জন্য ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৮২ হাজার ৫৮৩টি নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দিয়েছি। তৈরি করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে ইন্ডাস্ট্রি এমনভাবে ডেভেলপ করেছে যে গাজীপুর এখন একটা অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। আমরা গাজীপুরে শুধু মেট্রোপলিটন পুলিশই গঠন করিনি, আমরা পুলিশের শৃঙ্খলা বজায় রাখার জন্য ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৮২ হাজার ৫৮৩টি নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দিয়েছি। তৈরি করেছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এ ছাড়া দেশে গঠন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, ব্যুরো অব ইনভেস্টিগেশন। এ ছাড়া আমরা অ্যান্টিটেররিজম পুলিশ গঠন করেছি। ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠন করেছি। আমরা সবকিছুই করেছি জনগণকে সেবা করার জন্য। তাঁদের শান্তিতে রাখার জন্য। নিশ্চয় আপনারা পুলিশের ৯৯৯-এর সুফল পাচ্ছেন। আমি মনে করি, এসব গঠনে আমাদের যে উদ্দেশ্য, তাতে আমরা সফল হয়েছি।’

অনুষ্ঠানে আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘এ দেশের অর্থনীতির ফুসফুস হচ্ছে গাজীপুর। হাজার হাজার ইন্ডাস্ট্রি এবং লাখ লাখ শ্রমিক এখানে কাজ করছেন। আমরা প্রতিবছর যে ১৫ মিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানি করছি। তার অধিকাংশই এ অঞ্চল থেকে রপ্তানি হয়ে থাকে।’

আলোচনা সভার আগে স্বরাষ্ট্রমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে মহানগর পুলিশের অংশগ্রহণে হাতি, ঘোড়ার গাড়ি ও বাদ্য বাজিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।