কাভার্ড ভ্যানের সঙ্গে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রামের পটিয়ায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়ার মল্লপাড়া সড়কের লেভেল ক্রসিং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা সাড়ে সাতটায়ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার কক্সবাজার এক্সপ্রেস ট্রেন কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। সংঘর্ষের সময় ট্রেনটি রেললাইনে হঠাৎ এসে পড়া কাভার্ড ভ্যানটিকে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এ সময় ট্রেনটির ১২ নম্বর বগি লাইনচ্যুত হয়। বিকেলে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ট্রেনের অনেক যাত্রী নেমে যাচ্ছেন। যাত্রায় দেরি হবে জেনে বাসে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মল্লপাড়া এলাকায় লেভেল ক্রসিংয়ের সামনে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আবদুস সালাম বলেন, মল্লপাড়া লেভেল ক্রসিং অবৈধ এবং সেখানে কোনো গেট নেই। দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলেই আটকা পড়ে আছে বলে তিনি জানান। তিনি বলেন, সন্ধ্যা সাতটার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছানোর উদ্ধারকাজ শুরু হয়েছে। দ্রুত ট্রেন চলাচল শুরু হবে।